নাটোরের বড়াইগ্রামে দ্রুতগামী বাসের ধাক্কায় আব্দুল আজিজ (৬২) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। শুক্রবার রাত ৮টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রাজ্জাক মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল আজিজ পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার বাসিন্দা এবং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বনপাড়া থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন তিনি। পথিমধ্যে রাজ্জাক মোড়ে পৌঁছালে ঢাকাগামী ‘যমুনা লাইন’ বাস পেছন থেকে তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি বাসের চাকায় আটকে গেলে চালক প্রায় এক কিলোমিটার পর্যন্ত সেটি টেনে নিয়ে যান।
এ সময় আব্দুল আজিজ মহাসড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।












