ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মো. রতন মিয়া (৫০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ভাতিজা ও স্বজনদের বিরুদ্ধে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত রতন মিয়া কসবা পৌরসভার আড়াইবাড়ি গ্রামের আব্দুল কাদেরের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত হিসেবে তার ভাই রেজাউল মিয়ার ছেলে রিফাত মিয়া (৩২), সিফাত মিয়া (২৪) এবং তাদের খালাতো ভাই সামির মিয়া (১৮)–এর নাম উল্লেখ করেছে পরিবার। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
পরিবারের দাবি, জমি নিয়ে দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের মধ্যে বিরোধ ও মামলা চলছিল। ঘটনার দিন সকাল থেকে প্রতিপক্ষের লোকজন রতন মিয়াকে লক্ষ্য করে গালিগালাজ করে আসছিল। বিকেলে বাড়ির পাশের বিলের জমিতে কাজ করার সময় অভিযুক্তরা তার ওপর হামলা চালায়। অভিযোগ রয়েছে, তারা তাকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করে।
স্থানীয়দের সহায়তায় স্বজনরা প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়।
কসবা থানা–এর ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজনীন সুলতানা বলেন, জমিজমা বিরোধ থেকেই এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মামলার পর অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে। ইতোমধ্যে রেজাউল মিয়া ও তার স্ত্রীকে আটক করা হয়েছে।












