সাম্প্রতিক এক বক্তব্যে জুলাই মাসকে ‘অসম্মান’ করার অভিযোগ তুলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন–কে অপসারণের দাবি জানিয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। সংবিধান ও শপথ লঙ্ঘনের অভিযোগ এনে নতুন রাষ্ট্রপতি নিয়োগের উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়েছে নোটিশে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ সুপ্রিম কোর্ট–এর আইনজীবী ব্যারিস্টার শাহরিয়ার এ নোটিশ পাঠান। এটি সংসদ সচিবালয় ও আইন সচিবের কাছে প্রেরণ করা হয়েছে।
নোটিশে বলা হয়, রাষ্ট্রপতির সাম্প্রতিক বক্তব্য তার সাংবিধানিক দায়িত্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং শপথের পরিপন্থী। এ অবস্থায় তাকে অপসারণ করে সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নিয়োগ দেওয়ার উদ্যোগ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন নতুন রাষ্ট্রপতির মাধ্যমে উদ্বোধনের কথাও উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে ২৪ ঘণ্টার মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে সতর্ক করা হয়েছে।












