কুমিল্লাবৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

এক দিনে ৯ লাখের বেশি মুসল্লির ওমরাহ, মক্কায় নতুন রেকর্ড

প্রতিবেদক
Cumilla Press
ফেব্রুয়ারি ২৫, ২০২৬ ১০:১৭ অপরাহ্ণ
Link Copied!

চলতি রমজানের চতুর্থ দিনে পবিত্র মক্কায় এক দিনে সর্বোচ্চ ৯ লাখ ৪ হাজার মুসল্লি ওমরাহ পালন করে নতুন ইতিহাস গড়েছেন। গত ২১ ফেব্রুয়ারি (৪ রমজান ১৪৪৭ হিজরি) এই রেকর্ড গড়ে বলে জানিয়েছে সৌদি আরবের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

হারামাইন কর্তৃপক্ষ জানায়, এর আগে গত বছর ৭ মার্চ এক দিনে সর্বোচ্চ ৫ লাখ মুসল্লি ওমরাহ আদায় করেছিলেন। এবারের সংখ্যা সেই রেকর্ড ছাড়িয়ে গেছে উল্লেখযোগ্য ব্যবধানে।

রমজান ঘিরে মুসল্লির চাপ বেড়ে যাওয়ায় মসজিদুল হারাম এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ও শৃঙ্খলা ব্যবস্থা। কাবা শরিফের চারপাশের খোলা সাদা মার্বেল চত্বর—মাতাফ এলাকা—দিনভর শুধু ওমরাহ পালনকারীদের জন্য নির্ধারিত রাখা হয়েছে।

বিশেষত জুমা, মাগরিব, এশা ও তারাবির সময় এবং রমজানের শেষ দশকে তাহাজ্জুদ নামাজের সময় অতিরিক্ত ভিড় সামাল দিতে মুসল্লিদের নির্ধারিত স্থানে নামাজ আদায়ের নির্দেশ দেওয়া হয়েছে। মসজিদের ভেতরে চলাচলের ক্ষেত্রে নির্দেশনা মেনে চলা এবং করিডোর বা চলাচলের পথে ভিড় না করার আহ্বান জানানো হয়েছে।

গ্র্যান্ড মসজিদ ঘিরে যানজট কমাতে কেন্দ্রীয় এলাকায় পথচারীদের জন্য আলাদা চলাচল পথ চালু করা হয়েছে। নামাজের সময় নির্দিষ্ট এলাকায় যানবাহন প্রবেশ বন্ধ রাখা হচ্ছে। অনুমতি ছাড়া মোটরসাইকেল ও সাইকেল প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। যেখানে গাড়ি পার্ক করলে পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটে, সেসব যানবাহন সরিয়ে নেওয়া হচ্ছে।

মুসল্লিদের যাতায়াত নির্বিঘ্ন রাখতে কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর এবং নির্ধারিত ১৪টি পার্কিং এলাকা থেকে গণপরিবহন বাস সার্ভিস চালু রাখা হয়েছে।

অতিরিক্ত ভিড়ের সময় যারা মসজিদুল হারাম বা আশপাশে প্রবেশ করতে না পারেন, তাদের নিকটবর্তী মসজিদ ও প্রস্তুতকৃত নামাজের স্থানে গিয়ে ইবাদত করার পরামর্শ দেওয়া হয়েছে কর্তৃপক্ষের পক্ষ থেকে।