কুমিল্লাশনিবার, ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

প্রখ্যাত কথাসাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়ের প্রয়াণ, শোকের ছায়া বাংলা সাহিত্যে

প্রতিবেদক
Cumilla Press
ফেব্রুয়ারি ২০, ২০২৬ ৫:০০ অপরাহ্ণ
Link Copied!

বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র প্রখ্যাত কথাসাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায় আর নেই। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে ভারতের কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। দীর্ঘদিন ধরে ব্রেন টিউমারে ভুগছিলেন এই বরেণ্য সাহিত্যিক।

১৯৫৫ সালে প্রকাশিত হয় তাঁর প্রথম গ্রন্থ। পরবর্তীকালে একের পর এক কালজয়ী রচনার মাধ্যমে তিনি বাংলা কথাসাহিত্যে নিজস্ব স্বাক্ষর রেখে যান। তাঁর বহুল আলোচিত উপন্যাস ‘চৌরঙ্গী’ পাঠকমহলে ব্যাপক সাড়া ফেলে। এই কাহিনী অবলম্বনে চলচ্চিত্র নির্মাণ করেন প্রখ্যাত নির্মাতা সত্যজিৎ রায়। চলচ্চিত্রটিতে অভিনয় করেন মহানায়ক উত্তম কুমার।

স্বামী বিবেকানন্দকে নিয়ে তাঁর একাধিক গ্রন্থ বিশেষভাবে সমাদৃত হয়। এর মধ্যে ‘আহারে অনাহারে বিবেকানন্দ’ ও ‘অজানা বিবেকানন্দ’ পাঠকপ্রিয়তার পাশাপাশি সমালোচকদেরও প্রশংসা কুড়ায়।

সাহিত্যাঙ্গনে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তিনি পশ্চিমবঙ্গ সরকারের সর্বোচ্চ সাহিত্য সম্মান বঙ্কিম পুরস্কার লাভ করেন। এছাড়া ভারতের জাতীয় সাহিত্য সংস্থা সাহিত্য অকাদেমি প্রদত্ত মর্যাদাপূর্ণ সাহিত্য অকাদেমি পুরস্কারেও ভূষিত হন।

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক শোকবার্তায় তিনি বলেন, শংকরের প্রয়াণ বাংলা সাহিত্য ও সংস্কৃতির জন্য এক অপূরণীয় ক্ষতি; তাঁর সৃষ্টিকর্ম প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করবে।

১৯৩৩ সালের ৭ ডিসেম্বর বাংলাদেশের যশোর জেলায় জন্মগ্রহণ করেন মণিশংকর মুখোপাধ্যায়। তাঁর বাবা হরিপদ মুখোপাধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বেই পরিবারসহ কলকাতায় পাড়ি জমান এবং হাওড়ায় বসবাস শুরু করেন। সেখানেই তাঁর বেড়ে ওঠা ও শিক্ষাজীবন সম্পন্ন হয়। পরবর্তীকালে সেখান থেকেই শুরু হয় তাঁর সাহিত্যযাত্রা, যা তাঁকে বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কথাসাহিত্যিকে পরিণত করে।