শিবচর পৌর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান; অতিরিক্ত দাম ও ওজনে কারচুপির প্রমাণ
পবিত্র রমজান মাসে নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে প্রশাসন। বোরকা পরে ক্রেতা সেজে বাজার পরিদর্শনে গিয়ে অনিয়মের প্রমাণ পাওয়ার পর সাতটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন এক নির্বাহী ম্যাজিস্ট্রেট।
শুক্রবার সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত শিবচর পৌর বাজার-এ এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা।
প্রশাসন সূত্রে জানা যায়, রমজানে দ্রব্যমূল্য বৃদ্ধির অভিযোগের প্রেক্ষিতে সকালে ছদ্মবেশে বাজারে যান তিনি। মাছ, মাংস, ফল ও মুদি দোকান ঘুরে পণ্যের দাম ও ওজন যাচাই করেন। এ সময় অতিরিক্ত দামে বিক্রি, ওজনে কম দেওয়া এবং খাসির মাংস বিক্রিতে অসঙ্গতিসহ বিভিন্ন অনিয়ম ধরা পড়ে।
পরে পরিচয় প্রকাশ করে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে সাতটি দোকানকে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এমন অনিয়ম করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে ব্যবসায়ীদের সতর্ক করা হয়।
অভিযান চলাকালে শিবচর থানা পুলিশের একটি দল আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা বলেন, প্রথমে বাজার পরিস্থিতি সরেজমিন পর্যবেক্ষণ করা হয়, পরে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। ভোক্তার স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।












