সোমবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম এ জরিমানা করেন। পরে আমির হামজার পক্ষে তার আইনজীবী কাজী তৌফিকুল ইসলাম জরিমানার অর্থ পরিশোধ করেন।
নির্বাচনী বিচারিক আদালত সূত্রে জানা গেছে, আমির হামজার নির্বাচনী এলাকায় টানানো ব্যানারে মুদ্রণকারী প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা না থাকায় তার বিরুদ্ধে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটিতে অভিযোগ জমা পড়ে। এটি নির্বাচনী আচরণ বিধিমালা লঙ্ঘিত হয়েছে।
এ ছাড়া তার ব্যানারে নির্ধারিত আকারের চেয়ে বড় মাপের ছবি ব্যবহারের আরও একটি অভিযোগ জমা পড়ে। যা আচরণ বিধিমালার ২৫ এর ৭(ছ) এর লঙ্ঘন। এর প্রেক্ষিতে উভয় পক্ষের শুনানি শেষে বিচারক আরিফুল ইসলাম আমির হামজার ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৬ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
রায়ের প্রতিক্রিয়ায় মামলা দুটির বাদী রাশেদ আহমেদ বলেন, রায়ে আমি সন্তুষ্ট। তবে রায় এখনো পরিপূর্ণভাবে কার্যকর করা হয়নি। এসব ব্যানার পোস্টার এখনো আছে। আমরা এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তাকে জানিয়েছি।












