কুমিল্লাবুধবার, ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁ হাসপাতালে ফেলে যাওয়া রাজস্ব কর্মকর্তার মরদেহ, তদন্তে পুলিশ

প্রতিবেদক
Cumilla Press
ফেব্রুয়ারি ৪, ২০২৬ ৩:০৩ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁয় জুনায়েদ নামে এক সহকারী রাজস্ব কর্মকর্তার মরদেহ হাসপাতালে ফেলে পালিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (৪ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে নওগাঁ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের সামনে এই ঘটনা ঘটে।

ঘটনার প্রত্যক্ষদর্শী ট্রলিম্যান বাপ্পি জানান, ভোরের দিকে একটি পিকআপ ভ্যানে করে দুই ব্যক্তি হাসপাতালের জরুরি বিভাগের সামনে এসে মরদেহটি গাড়ি থেকে নামিয়ে রেখে পালিয়ে যায়। এ সময় পেছন থেকে তাদের ডাকলেও তারা কোনো কথা না শুনে দ্রুত সটকে পড়ে।

তিনি আরও জানান, পরে মরদেহটি ট্রলিতে করে জরুরি বিভাগের চিকিৎসকের কাছে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের পরিচয় নিশ্চিত করেছেন নওগাঁ কাস্টমসের সহকারী রাজস্ব কমিশনার রাশেদ। তিনি জানান, নিহত জুনায়েদের বাড়ি পিরোজপুর জেলার বলিহারী গ্রামে। তার বাবার নাম মনজুরুল হক। জুনায়েদ ঢাকা কাস্টমসে সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রেহেনুমা মুনমুন জানান, জুনায়েদকে তারা মূলত মৃত অবস্থাতেই পান। তার হাত ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে এটি সড়ক দুর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে। নিহতের বয়স আনুমানিক ৩৭ বছর।

নওগাঁ সদর থানার ওসি (তদন্ত) খোরশেদ আলম জানান, হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে বিষয়টি তারা জানতে পেরেছেন। এখন পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।