পিরোজপুরের মঠবাড়িয়ায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও মাদকসহ তিন যুবককে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বুধবার (২৮ জানুয়ারি) ভোর ৫টার দিকে উপজেলার তুষখালী ও আশেপাশের এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন— উপজেলার তুষখালী গ্রামের বাসিন্দা আফজাল হোসেনের ছেলে মো. রাকিব (২৪), একই ইউনিয়নের ছোট মাছুয়া গ্রামের বাসিন্দা মো. মিলনের ছেলে আসাদ (২৬) ও ওই গ্রামের ফুল মিয়া হাওলাদারের ছেলে নুর আলম (৩২)।
সংশ্লিষ্ট সূত্র জানায়, অভিযানে আটকদের কাছ থেকে ১১০ পিস ইয়াবা, ২০ গ্রাম গাঁজা, তিনটি রামদা, একটি রেঞ্জ, তিনটি কাঁচি, ফয়েল পেপার, এক সেট ওয়াকি-টকি, তিনটি গ্যাস লাইট, তিনটি স্মার্টফোন সেট, দুটি বাটন ফোন, একটি জাতীয় পরিচয়পত্র এবং দুটি দা জব্দ করা হয়।
মঠবাড়িয়া সেনা ক্যাম্পের মেজর মোস্তফা কামাল বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে মঠবাড়িয়ার তুষখালী ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। এসময় আটকদের কাছ থেকে দেশীয় অস্ত্র, মাদক, মোবাইলসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন।’












