কুমিল্লারবিবার, ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ফেনীতে এনসিপি থেকে ৫ জনের পদত্যাগ

প্রতিবেদক
Cumilla Press
জানুয়ারি ৬, ২০২৬ ১১:০৪ অপরাহ্ণ
Link Copied!

জামায়াতে ইসলামীর নেতৃত্বে গঠিত জোটে অংশ নেওয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফেনী জেলা কমিটির বিভিন্ন পদে থাকা পাঁচজন পদত্যাগ করেছেন। মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় ফেনী প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তারা পদত্যাগের ঘোষণা দেন।

পদত্যাগ করা নেতারা হলেন- এনসিপির ফেনী জেলা কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক শুভ, আব্দুর রহিম, সদস্য নূরে আজিম, জুনায়েদ হোসেন ও আজিজুল হক।

সংবাদ সম্মেলনে তারা বলেন, জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে জাতীয় নাগরিক পার্টি মধ্যমপন্থার রাজনীতি করার কথা বললেও বর্তমানে নিজস্ব মতাদর্শ থেকে সরে দাঁড়িয়েছে। এ পরিস্থিতিতে ব্যক্তিগত ও নীতিগত দিক বিবেচনায় আমরা স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছি।

পদত্যাগের বিষয়ে এনসিপির ফেনী জেলা সহ-সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক শুভ বলেন, এনসিপি তিন দল নিয়ে যখন জোট করেছে তখন আমরা পক্ষে ছিলাম। সেটি রাষ্ট্র সংস্কার জোট ছিল। এখন জামায়াতের সঙ্গে যে জোট করেছে আমরা সেটির বিপক্ষে। এনসিপি মধ্যমপন্থার রাজনীতি করবে প্রতিশ্রুতি দিয়েছিল, বলেছিল ৩০০ আসনে প্রার্থী দেবে। কিন্তু তারা সেটি না করে নির্বাচনের জন্য একটি জোটে গিয়েছে। তারই প্রেক্ষিতে আমরা পদত্যাগ করেছি।

এ ব্যাপারে এনসিপির ফেনী জেলা আহ্বায়ক জাহিদুল ইসলাম সৈকত বলেন, তারা পদত্যাগ করেছে শুনেছি, তবে এখনো পদত্যাপত্র হাতে পাইনি। যারা পদত্যাগ করেছে এটি তাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। এছাড়া এ পদত্যাগে সংগঠনে কোনো প্রভাব পড়বে না।