স্টাফ রিপোর্টার:
দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় কুমিল্লাসহ দায়িত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১।
বর্তমান পরিস্থিতিতে জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, কুমিল্লা শহর ও আশপাশের এলাকায় র্যাব-১১ এর টহল কার্যক্রম ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট স্থাপন করে প্রাইভেটকার, সিএনজি ও মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে।
র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা জানায়, জনবহুল এলাকা এবং গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি স্থাপনায় নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে ইউনিফর্মধারী টহল দলের পাশাপাশি সাদা পোশাকের গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে।
র্যাব কর্তৃপক্ষ আরও জানায়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ও নিরাপত্তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।












