কুমিল্লাবুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুবির রোটার‍্যাক্ট ক্লাবের সাথে আনন্দলোক স্কুলের সমঝোতা চুক্তি স্বাক্ষর

প্রতিবেদক
Cumilla Press
নভেম্বর ১৪, ২০২৫ ৯:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

আকাশ আল মামুন, কুবি:

সেবামূলক ও অনুপ্রেরণামূলক যাত্রার নতুন অধ্যায় শুরু হলো রোটার‍্যাক্ট ক্লাব অব কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উদ্যোগে। সম্প্রতি ক্লাবটির সঙ্গে আনন্দলোক এক্সট্রা-কারিকুলার অ্যাক্টিভিটিজ স্কুলের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সমঝোতা স্মারক স্বাক্ষরে উপস্থিত ছিলেন আনন্দলোকের প্রতিষ্ঠাতা ড. মো. সোহরাব উদ্দিন এবং রোটার‍্যাক্ট ক্লাবের সভাপতি রোটার‍্যাক্টর তানভীর আনজুম সাজন, সাধারণ সম্পাদক রোটার‍্যাক্টর মো. আল-আমিন।

এই চুক্তির আওতায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও রোটার‍্যাক্ট সদস্যরা প্রতি শনিবার ৩ থেকে ৭ শ্রেণির ৫০ জনেরও বেশি শিক্ষার্থীর জন্য বিনামূল্যে পাঠদান করবেন। এসব ক্লাসে পাঠ্যবিষয়ের পাশাপাশি সংস্কৃতি, সামাজিক সচেতনতা ও ঐতিহ্য বিষয়ে শিক্ষাদান করা হবে, যাতে শিক্ষার্থীরা আত্মবিশ্বাসী ও মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে।

প্রেসিডেন্ট রোটার‍্যাক্টর তানভীর আঞ্জুম সাজন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের পাশের এলাকার সুবিধাবঞ্চিত শিশুদের নিয়মিত পাঠদান ও শেখার সুযোগ তৈরি করার লক্ষ্যে আমরা অনেকদিন যাবত এই উদ্যোগটি নিয়ে সালমানপুরের আনন্দলোক স্কুলের প্রতিষ্ঠাতা ডঃ সোহরাব উদ্দিন স্যার যিনি কিনা আমাদেরই বিশ্ববিদ্যালয়েরই শিক্ষক, ওনার সাথে পরিকল্পনা করছিলাম। আজ আনন্দলোক সঙ্গে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের মাধ্যমে সেই স্বপ্নের প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে বাস্তবায়ন শুরু হলো।’

তিনি আরও বলেন, ‘এখন থেকে আগামী ছয় মাস প্রতি সপ্তাহে আমাদের সদস্যরা ও বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীরা যাদের সমাজের জন্য কিছু করার তীব্র আগ্রহ ধারণ করে তারাও ভিন্নধারার এ বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে শিক্ষা সহায়তা ও পরামর্শ প্রদান করে সমাজকে নিজ জায়গা থেকে সেবা করার সুযোগ পাবে। আমরা বিশ্বাস করি, এই উদ্যোগ শিশুদের শেখার আগ্রহ ও আত্মবিশ্বাস বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’