কুমিল্লাশনিবার, ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আওতার মধ্যে থাকা সংস্কার নির্বাচন কমিশন নিজেই করে ফেলবে: সিইসি

প্রতিবেদক
Cumilla Press
এপ্রিল ২৪, ২০২৫ ৬:০২ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন জানিয়েছেন, নির্বাচন কমিশন আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই নিজেদের ক্ষমতার মধ্যে থাকা জরুরি সংস্কারগুলো বাস্তবায়ন করবে। তবে রাজনৈতিক ইস্যু সংশ্লিষ্ট সংস্কারগুলো জাতীয় ঐকমত্য কমিশনের মাধ্যমে করা হবে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অস্ট্রেলিয়ার নতুন নিযুক্ত হাইকমিশনার সুসান রাইলির সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

সিইসি বলেন, “অস্ট্রেলিয়ান হাইকমিশনার আমাদের কাছ থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি ও সংস্কার পরিকল্পনা সম্পর্কে জানতে চেয়েছেন। আমরা আমাদের প্রস্তুতির বিস্তারিত বিবরণ দিয়েছি।”

তিনি আরও যোগ করেন, “ইউএনডিপি বর্তমানে আমাদের সহায়তা করছে। অস্ট্রেলিয়ান হাইকমিশনারকেও আমরা বলেছি, তারা যদি কোনো ক্ষেত্রে সহযোগিতা করতে চান তবে সেটি বিবেচনা করা যেতে পারে।”

সংস্কার প্রক্রিয়া সম্পর্কে সিইসি বলেন, “আমরা ইতিমধ্যে ভোটার রেজিস্ট্রেশন প্রক্রিয়া প্রায় সম্পন্ন করেছি। নির্বাচনী সরঞ্জাম ক্রয়ের টেন্ডার প্রক্রিয়া চলমান রয়েছে। নির্বাচনী সীমানা নির্ধারণের বিষয়টি আইন সংশোধনের জন্য প্রেরণ করা হয়েছে।”

তিনি আরও উল্লেখ করেন, “রাজনৈতিক দল নিবন্ধনের সময়সীমা দুই মাস বাড়ানো হয়েছে। নির্বাচনী আচরণবিধি সংশোধন এবং পর্যবেক্ষক নীতিমালা প্রণয়নের কাজও চলছে।”

রাজনৈতিক সংস্কার সম্পর্কে তিনি স্পষ্ট করেন, “যেসব সংস্কার আমাদের এখতিয়ারের মধ্যে রয়েছে, সেগুলো আমরা নির্বাচনের আগেই সম্পন্ন করব। তবে যেসব সংস্কারে রাজনৈতিক বিষয় জড়িত, সেগুলো জাতীয় ঐকমত্য কমিশনের মাধ্যমে করা হবে।”