কুমিল্লারবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

প্রতিবেদক
Cumilla Press
মার্চ ১০, ২০২৫ ২:২৮ অপরাহ্ণ
Link Copied!


স্টাফ রিপোর্টার:

দেশজুড়ে ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কুমিল্লার ভিক্টোরিয়া কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

সোমবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কোটবাড়ী বিশ্বরোড এলাকায় এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এতে মহাসড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়, যা যানবাহনের চালক ও যাত্রীদের চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়।

বিক্ষোভের সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন, যেমন: ‘অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘আমার বোনের কান্না আর নয়’, ‘একটা একটা ধর্ষক ধর, ধরে ধরে জবাই কর’, ‘উই ওয়ান্ট জাস্টিস, নো মোর রেপিস্ট’, ‘খুনি কেন বাহিরে, ইনটেরিম জবাব চাই’ ইত্যাদি।

ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে এই বিক্ষোভে অংশ নেন কুমিল্লা সরকারি কলেজ, লালমাই সরকারি কলেজ ও সিসিএন বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা বলেন, দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের মতো জঘন্য ঘটনা ঘটছে। অনেক সময় আত্মসম্মান ও সামাজিক ভয়ের কারণে ভুক্তভোগীর পরিবার ঘটনাগুলো প্রকাশ করতে চাইছে না। এ ছাড়া টাকা-পয়সা ও হুমকি-ধামকির মাধ্যমে ভুক্তভোগী পরিবারকে মামলা থেকে বিরত রাখার চেষ্টাও করা হচ্ছে। এর ফলে অভিযুক্তরা পার পেয়ে যাচ্ছে।

তারা আরও বলেন, সুষ্ঠু বিচার না হওয়ায় বারবার এমন ঘটনা ঘটছে। আইনি প্রক্রিয়ায় দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হলে কেউ ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধ করতে সাহস পেত না। শিক্ষার্থীরা দাবি করেন, ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি হিসেবে প্রকাশ্যে ফাঁসি কার্যকর করা হোক, যাতে কেউ আর এমন ন্যাক্কারজনক কাজ করতে না পারে।

ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার মজুমদার জানান, ভিক্টোরিয়া কলেজ ও অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ধর্ষণের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে সড়কের দুই পাশে প্রায় ৬ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। পরে হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করলে তারা অবরোধ তুলে নেন। এরপর যান চলাচল স্বাভাবিক হয়ে যায়।