ডেস্ক রিপোর্ট:
চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক ছিল পাকিস্তান। তবে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয় দুবাইতে। সেই ফাইনালে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে শিরোপা জিতে নিয়েছে ভারত। স্বাগতিক দেশ হয়েও ফাইনাল আয়োজন করতে না পারা পাকিস্তানের জন্য এটি নিঃসন্দেহে হতাশাজনক।
এর চেয়েও অবাক করার বিষয় হলো, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কোনো প্রতিনিধিকে দেখা যায়নি। এই ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতার। আয়োজক দেশ হওয়া সত্ত্বেও পিসিবির কোনো সদস্য কেন ফাইনালে উপস্থিত ছিলেন না, তা তিনি বুঝতে পারছেন না। তিনি এই ঘটনাকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে শোয়েব আখতার লিখেন, ‘ভারত আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জিতেছে। কিন্তু আমি একটি অদ্ভুত বিষয় লক্ষ করেছি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের কোনো সদস্য সেখানে উপস্থিত ছিল না। পাকিস্তান এই টুর্নামেন্টের আয়োজক দেশ। অথচ তাদের কোনো প্রতিনিধিকেই আমি সেখানে দেখিনি।’
তিনি আরও লিখেন, ‘এই বিষয়টি আমি বুঝতে পারছি না। কেন তারা সেখানে উপস্থিত ছিলেন না? কেন তারা প্রতিনিধিত্ব করতে বা ট্রফি তুলে দিতে আসেননি? এটি আমার বোধগম্য নয়। এটা নিয়ে ভাবুন। এটি একটি বিশ্বমঞ্চ, সেখানে আপনাদের থাকা উচিত ছিল। কিন্তু দুঃখজনকভাবে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের কোনো সদস্যকে আমি সেখানে দেখিনি। অথচ আমরা এই টুর্নামেন্টের আয়োজক।’
পরে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই এই ঘটনার একটি ব্যাখ্যা দিয়েছে। তাদের সূত্র অনুযায়ী, পিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা সুমাইর আহমেদ ফাইনাল ম্যাচে উপস্থিত ছিলেন। তবে তাঁকে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মঞ্চে আমন্ত্রণ জানানো হয়নি।












