ডেস্ক রিপোর্ট:
সৌদি আরবের ক্লাব আল হিলালের সঙ্গে নেইমারের চুক্তি বাতিল হওয়ার পর থেকেই গুঞ্জন উঠেছিল যে তিনি তার শৈশবের ক্লাব সান্তোসে ফিরে যাবেন। অবশেষে সেই গুঞ্জন সত্যি হলো। নেইমার নিজেই জানিয়েছেন যে তিনি আবারও সান্তোসে ফিরে যাচ্ছেন।
গত সোমবার রাতে আল-হিলাল নেইমারের সঙ্গে চুক্তি বাতিলের ঘোষণা দেয়। ২০২৩ সালে আল-হিলালে যোগ দেওয়ার পর ইনজুরির কারণে নেইমার মাত্র ৭ ম্যাচ খেলতে পেরেছিলেন। দুই পক্ষের সমঝোতার ভিত্তিতেই চুক্তি বাতিল করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নেইমার তার নতুন ঠিকানার কথা জানান। তিনি বলেন, “আমি সান্তোস ফুটবল ক্লাবের সঙ্গে চুক্তি সই করতে যাচ্ছি। এই ক্লাবের প্রতি আমার ভালোবাসা কখনোই কমেনি।”
তিনি আরও যোগ করেন, “এখন আমার ফুটবলে ফিরে যাওয়া প্রয়োজন। সান্তোসের মতো ক্লাবই আমাকে সেই ভালোবাসা ও সমর্থন দিতে পারে, যা আগামী দিনের চ্যালেঞ্জগুলো মোকাবিলা করার জন্য আমার দরকার।”
এদিকে, বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সান্তোস ক্লাব তাদের মাঠ ভিলা বেলমিরোয় একটি কনসার্টের আয়োজন করে নেইমারকে বরণ করে নেবে। চুক্তি সই করতে নেইমার ইতিমধ্যেই ব্রাজিলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।












