স্টাফ রিপোর্টার:
কুমিল্লার চৌদ্দগ্রামে সেনাবাহিনী অভিযান চালিয়ে অস্ত্রসহ আসিফ ইকবাল নামের এক যুবককে আটক করেছে। আটককৃত যুবক চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নের চাপাচৌঁ গ্রামের সেলিম উদ্দিনের পুত্র। সে গুনবতী ইউনিয়ন ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত।
২৩ বীরের চৌদ্দগ্রাম সেনা ক্যাম্প সূত্র জানায়, আসিফ তার বাড়িতে অবৈধ অস্ত্রসহ অবস্থান করছে মর্মে বৃহস্পতিবার গভীর রাতে স্থানীয়ভাবে চৌদ্দগ্রাম সেনা ক্যাম্পে খবর আসলে তাৎক্ষণিক সেনাবাহিনীর একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে।
এসময় আটককৃতের দেওয়া তথ্য অনুযায়ী, তার ঘরের বিছানার নিচে লুকানো একটি দেশীয় তৈরি শর্টগান উদ্ধার করা হয়। পরে তাকে চৌদ্দগ্রাম থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
সেনা ক্যাম্প সূত্রে আরও জানায়, গত কয়েকদিনে উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযানে অবৈধ অস্ত্র উদ্ধার ও কয়েকজনকে আটক করা হয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধার ও অপরাধীদের আটকে সেনাবাহিনীর এই অভিযান অব্যাহত থাকবে বলেও সেনা সূত্র জানায়।
নাম প্রকাশ না করা শর্তে স্থানীয়রা জানায়,আটককৃত যুবক আসিফ ইকবাল আগে ছাত্রলীগ ও স্হানীয় কিশোর গ্যাং সদ্স্য হিসেবে এলাকায় নানান অপরাধে অংশ নেয়। ৫ আগস্ট আাওয়ামীলীগ সরকারের পতনের পর সে স্হানীয় ছাত্রদলের রাজনীতির সাথে জড়িয়ে পড়ে।
গুনবতী ইউনিয়ন বিএনপি’র সভাপতি রফিক চৌধুরী জানান, আসিফ গুনবতী ইউনিয়ন ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত। নিয়মিত মিছিল মিটিংয়ে অংশগ্রহণ করে। তবে কোন পদ-পদবীতে নাই।
কনকাপৈত পুলিশ তদন্ত কেন্দ্রের এস.আই আবু তাহের জানান, সেনাবাহিনী দেশীয় এলজি বন্ধুকসহ এক সন্ত্রাসীকে আটক করে থানায় সোপর্দ করেন। এসময় তার নিকট আরও দেশীয় ২টি রামদা, ক্রিজও উদ্ধার করা হয়।












