কুমিল্লাসোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ক্ষমতায় টিকে থাকার জন্য দেশে এক অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে: ফখরুল

প্রতিবেদক
Cumilla Press
জানুয়ারি ৯, ২০২৫ ৫:১৫ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

ক্ষমতায় টিকে থাকার জন্য দেশে এক অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে ‘রাজবন্দির জবানবন্দি’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বিএনপি মহাসচিব বলেন, “কি দুর্ভাগ্য আমাদের, হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে কেন জানি আমরা নিজেদের প্রতি বিশ্বাস ফিরিয়ে আনতে পারছি না। ঐক্যের জায়গায় থাকতে পারছি না। কী দুর্ভাগ্য, এখন যা শুরু হয়েছে, তা কিন্তু একদম সুস্থ কিছু নয়। একটা অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে, ক্ষমতায় টিকে থাকার জন্য। ক্ষমতা তখনই টিকে থাকবে, যখন সেটাকে স্থির করা যাবে।”

তিনি আরও বলেন, “সংস্কার অবশ্যই লাগবে। আর সংস্কারে পেছনে যে শক্তিটা লাগবে, সেটি হচ্ছে নির্বাচিত সংসদ, নির্বাচিত সরকার। এটি ছাড়া সংস্কারকে বৈধতা দিতে পারবো না। তাই আমরা এসব বিতর্কে জড়াতে চাই না।”

সব পর্যায়ে রাজনৈতিক কর্মীদের বিভাজন সৃষ্টি না করার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, “কিছু মানুষ যেন বেপরোয়া হয়ে গেছে। তারা দেশকে ভাগ করবে এবং জনগণকে বিভক্ত করবে। এমন নানা ধরনের উসকানি দিচ্ছে। আপনাদের দয়া করে এগুলোর মধ্যে যাবেন না।”

গণমাধ্যমের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, “গণমাধ্যমও যেন নেতিবাচক বিষয়গুলো তুলে ধরতে চায়।” তিনি তাদের ইতিবাচক বিষয়গুলো তুলে ধরার আহ্বান জানান।

এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সব মামলা শেষ হলে, তিনি দেশে ফিরবেন বলেও জানান মির্জা ফখরুল।

অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাঈল জবিউল্লাহর সভাপতিত্বে ও কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট সাংবাদিক শফিক রেহমান।

সূত্র: যুগান্তর