ডেস্ক রিপোর্ট:
অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আমাদের ব্যর্থ করার ষড়যন্ত্রে যারা জড়িত থাকবে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।
বৃহস্পতিবার সকালে সচিবালয়ে আগুন লাগার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।
আসিফ মাহমুদ তার স্ট্যাটাসে লিখেছেন, “স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে বিগত সময়ের অর্থলোপাট ও দুর্নীতির বিরুদ্ধে আমরা কাজ করছিলাম। কয়েক হাজার কোটি টাকার লুটপাটের প্রমাণও পাওয়া গিয়েছিল। সচিবালয়ে আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো জানা যায়নি। তবে আমাদের কাজ ব্যাহত করার যে ষড়যন্ত্র করা হয়েছে, এর সঙ্গে যারা জড়িত থাকবে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।”
নিজের অবস্থান জানিয়ে তিনি আরও বলেন, “আমি বর্তমানে নীলফামারিতে আছি। যত দ্রুত সম্ভব ঢাকায় ফিরছি।”
এর আগে, বুধবার দিনগত রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সচিবালয়ে স্থাপিত ফায়ার ইউনিট রাত ১টা ৫৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় পর্যায়ক্রমে ১৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে।
প্রায় ছয় ঘণ্টার চেষ্টার পর সকাল ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের পরিদর্শক আনোয়ারুল ইসলাম বলেন, “আগুন নেভাতে ১৯টি ইউনিট কাজ করেছে। রাত ১টা ৫২ মিনিটে আমরা আগুন লাগার খবর পাই এবং কাজ শুরু করি।”












