কুমিল্লাশনিবার, ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ডেজার্ট ভাইপার্স শিরোপা জিতবে, ‘হান্ড্রেড পার্সেন্ট’ আত্মবিশ্বাসী ফস্টার

প্রতিবেদক
CUMILLA PRESS
জানুয়ারি ১৪, ২০২৩ ৭:৩৬ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট: ডেজার্ট ভাইপার্সের হেড কোচ জেমস ফস্টার গত ছয় মাস ধরে ব্যস্ত সময় কাটাচ্ছেন। আইএলটি২০ ঘিরেই তার এই ব্যস্ততা। ডিরেক্টর অব ক্রিকেট টম মুডি ও সিইও ফিল ওলিভারের সঙ্গে সম্ভাব্য সেরা দল গোছাতে কাজ করে গেছেন তিনি।

এই সময়টা কেমন কেটেছে এবং দল নিয়ে প্রত্যাশা কী, সেটা ভাইপার্স ভয়েস পোডক্যাস্টকে জানালেন ফস্টার। তিনি বলেন, ‘এই টুর্নামেন্টের জন্য বড় প্রস্তুতি ছিল। জুলাইয়ে আমি মনে করেছিলাম অনেক দূরে আছি, কিন্তু এখন আমরা এখানে। আমি খুবই আনন্দিত।’

সাপোর্ট স্টাফদের অভিজ্ঞতা রোমাঞ্চিত করছে কোচকে, ‘আমি ভাগ্যবান যে আমাদের সাপোর্ট স্টাফরা অনেক অভিজ্ঞ। আমার ও খেলোয়াড়দের উন্নতির জন্য এটা দারুণ সময় এবং বড় সুযোগ। নতুন ব্যক্তিদের সঙ্গে ধারণা ভাগাভাগি করে সেগুলো নিজেদের খেলায় প্রয়োগ করতে হবে।’

ফস্টারের অন্যতম মূল দায়িত্ব হবে দল বাছাই। সবচেয়ে বড় চ্যালেঞ্জ ইনিংস ওপেন করবেন কে সেটা ঠিক করা। অধিনায়ক কলিন মুনরো, বিশ্বকাপ হিরো অ্যালেক্স হেলস কিংবা অ্যাডাম লিথ- কে? এই কঠিন সিদ্ধান্ত যেভাবে নিতে যাচ্ছেন কোচ, ‘আমি, কলিন মুনরো ও টম মুডি একসঙ্গে বসবো। প্রথম ম্যাচের জন্য সঠিক লাইন আপ কোনটা সে ব্যাপারে ছক করবো।’

রোববার শারজার বিপক্ষে প্রথম ম্যাচ। প্রতিপক্ষ নিয়ে ভাবছেন না ফস্টার, তার চোখ নিজেদের শক্তিমত্তায়, ‘আপনাকে আপনার দলের কথা মনে রাখতে হবে এবং খেলোয়াড়দের কথাও, তাদের শক্তি কী সেটা চিন্তা করতে হবে। শুধু প্রতিপক্ষকে নিয়ে বাড়াবাড়ি রকমের ভাবনা ভাবা যাবে না। একই সঙ্গে আপনার পরিকল্পনা করতে হবে এবং নিশ্চিত করতে হবে যে আপনি পুরোপুরি প্রস্তুত।’

দল ও কোচিং স্টাফদের মধ্যে যে উত্তেজনা বিরাজ করছে তাতে খুশি ফস্টার। তার বিশ্বাস, এটাই হবে দলের সাফল্যের জন্য গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ‘গ্রুপের মধ্যে সুন্দর উত্তেজনা বিরাজ করছে। আমাদের যে সেট আপ, আইসিসি অ্যাকাডেমি ও জেএ রিসোর্টে ট্রেনিং করছে, সেটা অবিশ্বাস্য। দুবাইয়ে আমরা দারুণ হোটেলে আছি, সবার ভালো লাগছে। ছেলেদের সবাই রোমাঞ্চিত এবং মাঠে নামতে পুরোপুরি প্রস্তুত।’

তাহলে কি ডেজার্ট ভাইপার্স এবারের শিরোপা জিতবে? ফস্টারের এক কথায় জবাব, ‘হান্ড্রেড পার্সেন্ট’।