সাতক্ষীরা জেলা কারাগার ভাঙার সুযোগে পালিয়ে যাওয়ার দুই বছর পর সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে শ্যামনগর উপজেলার কাছারি ব্রিজ ও ঈশ্বরীপুর থেকে গ্রেপ্তার করা হয় তাদের। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় জেলা কারাগার থেকে তারা পালিয়ে যান।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন– উপজেলার শ্রীফলকাটি গ্রামের মোজাম গাজী (৪৯) ও নওয়াবেঁকী গ্রামের রফিকুল ইসলাম (৩৮)। পুলিশ জানায়, মোজাম গাজী সিআর ২৭৪/১৮ ও রফিকুল ইসলাম সিআর ২১৪/২৩ মামলা সূত্রে আদালতে সাজাপ্রাপ্ত হয়ে সাতক্ষীরা জেলা কারাগারে বন্দি ছিলেন।
শ্যামনগর থানার ওসি সাফিউল ইসলাম পাটোয়ারী বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রায় দুই বছর ধরে পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মোজাম গাজী (কয়েদি নং ২৫৩৫/২৪) এক মাস ও রফিকুল ইসলাম (কয়েদি নং ৪২৫২) চার মাস কারাভোগের পর ২০২৪ সালের ৫ আগস্ট সাতক্ষীরা জেলা কারাগার ভাঙার সুযোগে পালিয়ে আত্মগোপনে চলে যান। তারা যথাক্রমে এক বছর ও ১০ মাসের সাজাপ্রাপ্ত আসামি।
তাঁর দেওয়া তথ্যমতে, কারাগার থেকে পালিয়ে যাওয়ায় ঘটনায় ২০২৪ সালের ১৫ আগস্ট এ দুজনের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় জিআর ৩৬৯/২৪ মামলা করা হয়। গতকাল বুধবার সকালে দুজনকে সাতক্ষীরা সদর থানা পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে।











