কুমিল্লাশুক্রবার, ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

১৬ বছর পর আবারও দক্ষিণ আফ্রিকা-মেক্সিকোর স্মৃতিময় দ্বৈরথ

প্রতিবেদক
Cumilla Press
জুন ১১, ২০২৬ ১১:৩১ অপরাহ্ণ
Link Copied!

২০১০ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা খেলেছিল মেক্সিকোর বিপক্ষে। ম্যাচ শেষে স্কোরলাইন ছিল ১-১। তবে ম্যাচের আলোচনায় সবচেয়ে বেশি জায়গা করে নেয় সিফিওয়ে শাবালালার বাঁ পায়ের চোখ ধাঁধানো দূরপাল্লার গোল। যা বিশ্বকাপের শুরুটাকেই করে তোলে স্মরণীয় ও রোমাঞ্চকর।

২০১০ থেকে ২০২৬ অর্থাৎ ১৬ বছর পর আবারও কাকতালীয়ভাবে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে এই দুই দল। এই পুনর্মিলন ঘিরে তৈরি হয়েছে বাড়তি উত্তেজনা ও নস্টালজিয়া। সময় বদলেছে, দল বদলেছে– কিন্তু ২০১০ সালের সেই স্মৃতি এখনো ভেসে বেড়াচ্ছে ফুটবলপ্রেমীদের মনে।

অতীতের পরিসংখ্যান ঘেঁটে দেখা যায়, চারবারের দেখায় মেক্সিকো দুইবার জয়ী, দক্ষিণ আফ্রিকা একবার এবং একবার ড্র হয়েছে। সেই ড্র ম্যাচটি ছিল ২০১০ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ। এবার গ্রুপ ‘এ’-তে তারা মুখোমুখি হবে দক্ষিণ কোরিয়া ও চেক প্রজাতন্ত্রের। নতুন নিয়মে শীর্ষ দুই দলের পাশাপাশি সেরা আট তৃতীয় স্থানের দলও রাউন্ড অব ৩২-এ জায়গা করে নেবে।

২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে মেক্সিকো সিটির ঐতিহাসিক অ্যাজটেকা স্টেডিয়ামে। এই মাঠের সঙ্গে ফুটবল ইতিহাসের গভীর সম্পর্ক রয়েছে। ১৯৭০ ও ১৯৮৬ সালের বিশ্বকাপেও এখানে উদ্বোধনী ম্যাচ হয়েছে এবং দুইবারই বিশ্ব পেয়েছে নতুন চ্যাম্পিয়ন। পেলে ও ডিয়েগো মারাডোনার মতো কিংবদন্তিদের পদচিহ্নে গড়া এই মাঠ তাই আলাদা মর্যাদার প্রতীক।

সবমিলিয়ে আবারও একই দুই দল, একই বড় মঞ্চ। ফুটবলপ্রেমীদের চোখ এখন সেই দিকেই। ২০১০ সালের স্মৃতি আর ২০২৬ সালের নতুন সম্ভাবনা মিলিয়ে উদ্বোধনী ম্যাচ ঘিরে তৈরি হয়েছে অন্যরকম আবহ। এবারও কি লেখা হবে নতুন ইতিহাস সেটাই এখন দেখার অপেক্ষা।