নেত্রকোনার মোহনগঞ্জে ১০ বছর বয়সী এক শিশু সাত মাসের অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় স্থানীয় এক স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা হয়েছে।
আদালতের নির্দেশে মামলা রেকর্ড হলেও দেড় মাস পেরিয়ে গেলেও অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, মামলার পর থেকেই আসামি আত্মগোপনে।
অভিযুক্তের নাম মোহন তালুকদার (২৫)। তিনি জেলার মোহনগঞ্জ পৌরশহরের দৌলতপুর এলাকার আবুল কালাম আজাদের ছেলে এবং পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সোহেল রানা মোহন তালুকদারের দলীয় পদের বিষয়টি নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
মামলার এজাহার, আদালতের নথি এবং ভুক্তভোগী পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, শিশুটির বাবা জীবিকার তাগিদে দেশের বিভিন্ন এলাকায় দিনমজুরের কাজ করেন। মা স্থানীয়ভাবে লোকজনের বাসাবাড়িতে কাজ করে তিন মেয়েকে নিয়ে সংসার চালান।
অভিযোগ অনুযায়ী, ২০২৫ সালের ৯ ডিসেম্বর দুপুরে শিশুটির মা কাজের জন্য বাইরে গেলে ঘরে শিশুটি ও তার দুই ছোট বোন অবস্থান করছিল। এ সময় প্রতিবেশী মোহন তালুকদার ঘরে প্রবেশ করে শিশুটিকে ধর্ষণ করে।
অভিযোগে আরও বলা হয়েছে, বিষয়টি কাউকে জানালে প্রাণে মেরে ফেলাসহ দলবদ্ধ ধর্ষণের হুমকি দেওয়া হয়। ভয়ে শিশুটি দীর্ঘদিন ঘটনাটি গোপন রাখে।












