নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চাঁদা আদায়কে কেন্দ্র করে সংঘর্ষে আহত হয়ে মো. মমিন নামে এক অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে স্থানীয়রা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।
নিহত মমিন উপজেলার নাজিরপুর এলাকার বাসিন্দা। স্বজনদের অভিযোগ, গত রোববার বিকেলে দড়িকান্দি বাসস্ট্যান্ড এলাকায় লাইনম্যান শাহিন প্রথমে ১০ টাকা চাঁদা নেওয়ার পর আবারও টাকা দাবি করেন। এ নিয়ে তর্ক-বিতর্কের একপর্যায়ে লাঠি দিয়ে মমিনকে আঘাত করলে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকায় একটি হাসপাতালে ভর্তি করেন। সেখানে দুই দিন চিকিৎসাধীন থাকার পর বুধবার সকালে তিনি মারা যান। ঘটনার পর থেকেই অভিযুক্ত শাহিন পলাতক রয়েছে।
মমিনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী ও স্বজনরা সড়ক অবরোধ করে দ্রুত বিচার দাবি করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারোয়ার জানান, ঘটনার বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।












