কুমিল্লাশনিবার, ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

হোটেলে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মালিক গ্রেপ্তার

প্রতিবেদক
Cumilla Press
মে ৩০, ২০২৬ ৪:০৮ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রামের চিলমারীতে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে কবির মিয়া (৪৪) নামে এক আবাসিক হোটেল মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৩০ মে) সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

এর আগে শুক্রবার (২৯ মে) রাতে উপজেলার রমনা ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, জেলার উলিপুর উপজেলার ঘুঘুমারীরচর এলাকার এক দম্পতি নৌপথে নিজ বাড়িতে ফেরার সময় বৃহস্পতিবার (২৮ মে) রাতে রমনা ফেরিঘাটে পৌঁছান। নৌকা না পেয়ে তারা রাত্রিযাপনের জন্য রমনা ঘাট এলাকার ‘হোটেল কলি’ নামে একটি আবাসিক হোটেলে ওঠেন।

ভুক্তভোগীর স্বামী জানান, তিনি খাবার আনতে বাইরে গেলে স্ত্রী ও আট মাস বয়সী শিশুকে কক্ষে রেখে যান। পরে ফিরে এসে তিনি স্ত্রীকে কান্নাকাটি অবস্থায় দেখতে পান। ওই নারী অভিযোগ করেন, হোটেল মালিক কবির মিয়া শিশুর সামনেই তাকে জোরপূর্বক ধর্ষণ করেন।

এ ঘটনায় হোটেল কর্তৃপক্ষকে জানানো হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেন ভুক্তভোগীর স্বামী।

পরবর্তীতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগী নারী, তার স্বামী ও শিশুকে উদ্ধার করে থানায় নেয়। পরে ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে চিলমারী মডেল থানায় মামলা দায়ের করেন।

মামলার পর শুক্রবার রাতে উপজেলার সরকারপাড়া এলাকা থেকে অভিযুক্ত কবির মিয়াকে গ্রেপ্তার করা হয়।

চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।