কুমিল্লাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

হালদায় অভিযান, তিন লাখ টাকার জাল-বড়শি জব্দ

প্রতিবেদক
Cumilla Press
জুলাই ২২, ২০২৬ ১:৪১ অপরাহ্ণ
Link Copied!

হালদা নদীতে পাঁচ ঘণ্টা অভিযান পরিচালনা করে সাড়ে ছয় হাজার মিটার জাল জব্দ করেছে মৎস্য অধিদপ্তর। মা মাছের প্রজনন পরিবেশ সুরক্ষায় ও হালদা নদীর অন্যান্য মাছ রক্ষায় নিষিদ্ধ জালের বিরুদ্ধে এই অভিযান চালানো হয়।

মঙ্গলবার (২১ জুলাই) রাত ৮টা থেকে ২টা পর্যন্ত হালদা নদীর খলিফা ঘোনা থেকে ছিপাতলি পর্যন্ত অংশে অভিযান চালানো হয়েছে বলে জানান হাটহাজারীর জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শওকত আলী।

তিনি আরও বলেন, রাতে হালদা নদীতে অনেকে জাল ফেলছে, এই তথ্য জেনে অভিযান চালানো হয়।সাম্প্রতিক বন্যায় অনেক জলাশয়ের মাছ ভেসে নদীতে এসেছে। নদীতে পানিও বেশি।তাই চোরা শিকারীরা রাতের অন্ধকারে জাল পেতে রাখে। ভোরের দিকে জাল তুলে নেয়। একারণে অভিযানের সময় কাউকে পাওয়া যায়নি।

মো. শওকত আলী বলেন, নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে হালদা নদীকে কার্পসহ সকল মাছের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে পরিণত করা হবে। হালদা নদীর মৎস্য সম্পদ ও বায়োডাইভারসিটি রক্ষায় এবং অবৈধ মা মাছ শিকার ও জাল থেকে মিঠা পানির প্রজনন ক্ষেত্র রক্ষায় অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে মৎস্য অধিদপ্তরের ক্ষেত্র সহকারী লিংকন চৌধুরী ও হালদা প্রকল্পের পাহারাদার শহীদুল্লাহ, সেকান্দার, তানভীর, আদিল এবং আইডিএফের পাহারাদার ঝন্টু বড়ুয়া অংশ নেন।