দেশে হামের সংক্রমণ পরিস্থিতি উদ্বেগজনক রয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় হামে ও এর উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
রোববার (১৭ মে) হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, এ সময়ের মধ্যে হামের উপসর্গে ৫ শিশু এবং নিশ্চিত হামে ১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে ২৪৩ শিশু পরীক্ষায় হামে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে এবং সন্দেহজনক উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ২৭৪ শিশু।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে ও এর উপসর্গে মোট ৪৫৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৫ জন নিশ্চিত হামে এবং ৩৮৪ জন উপসর্গ নিয়ে মারা গেছে।
একই সময়ে পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৭ হাজার ৭৬৭ শিশু। এছাড়া সন্দেহজনক উপসর্গ নিয়ে ৫৭ হাজার ৮৪৬ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, টিকাদান কার্যক্রম জোরদার এবং সচেতনতা বৃদ্ধি ছাড়া এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা কঠিন হবে।












