দেশে হামের উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়েছে আরও ৭৭৩ শিশু।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গে মারা যাওয়া শিশুদের মধ্যে একজন ঢাকার এবং বাকি তিনজন সিলেট বিভাগের। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ৭৮৪ শিশুর মৃত্যু হলো। এর মধ্যে ল্যাবরেটরিতে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ৯৫ শিশু।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে ১ লাখ ১৬ হাজার ৭১০ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এর মধ্যে ১৪ হাজার ৩১৮ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৪৯ শিশু হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। বিপরীতে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৪৯৮ শিশু।
সব মিলিয়ে গত চার মাসে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯৯ হাজার ২৪৯ শিশু। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯৫ হাজার ৫২৯ জন। এই সময়ে দেশে মোট ৪ হাজার ৬৯৩ শিশুর শরীরে পরীক্ষার মাধ্যমে হাম শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।












