হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল অব্যাহত থাকবে, তবে ইরানের নৌবাহিনীর সঙ্গে সমন্বয় করে চলতে হবে—এমন শর্তের কথা জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী।
বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে তিনি বলেন, তেহরানের দৃষ্টিতে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথ সব বাণিজ্যিক জাহাজের জন্য উন্মুক্ত রয়েছে। তবে বর্তমান আঞ্চলিক উত্তেজনা ও যুক্তরাষ্ট্রের আরোপিত অবরোধ পরিস্থিতিতে নিরাপদ চলাচলের জন্য ইরানের নৌবাহিনীর সঙ্গে সমন্বয় জরুরি।
আরাঘচি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের নীতিই হরমুজ প্রণালীর পরিস্থিতিকে জটিল করে তুলেছে। তার দাবি, ইরান কখনোই এই জলপথে বাধা সৃষ্টি করেনি; বরং ওয়াশিংটনের পদক্ষেপই সামুদ্রিক নিরাপত্তা বিঘ্নিত করছে।
বিশ্বের জ্বালানি সরবরাহের একটি বড় অংশ এই প্রণালী দিয়ে পরিবাহিত হয়। ফলে উপসাগরীয় অঞ্চলের উত্তেজনা বাড়ার সঙ্গে সঙ্গে হরমুজ প্রণালীর নিরাপত্তা ও চলাচল নিয়ে আন্তর্জাতিক উদ্বেগও বাড়ছে।
ইরানের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, আন্তর্জাতিক আইন মেনে চলাচল অব্যাহত রাখা হবে এবং পরিস্থিতি স্বাভাবিক হলে এই গুরুত্বপূর্ণ নৌপথে নিরাপত্তা আরও জোরদার হবে।












