কুমিল্লাবৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

হরমুজ পেরিয়ে পরিবারকে স্বস্তির কথা জানান ভারতীয়, তবুও শেষ রক্ষা হলো না

প্রতিবেদক
Cumilla Press
জুলাই ১৫, ২০২৬ ৫:৩০ অপরাহ্ণ
Link Copied!

ভারতীয় নাবিক হীরম্ব কর্মকার যুদ্ধবিধ্বস্ত মধ্যপ্রাচ্যে পাড়ি দেয়ায় বিষয়টি নিয়ে সব সময় আতঙ্কে থাকত পরিবার। বিশেষ করে অঞ্চলটিতে নতুন করে হামলা শুরু হওয়ায় সেই আতঙ্ক বহু গুণে বেড়ে যায় পরিবারের। কিন্তু বাড়িতে ফোন করে অভয় দিয়েছিলেন কর্মকার। বলেছিলেন, চিন্তার কোনো কারণ নেই, তিনি হরমুজ প্রণালি পেরিয়ে গেছেন। কিন্তু সেটাই ছিল পরিবারের সঙ্গে তার শেষ কথা। ওমান উপসাগরে ইরানের ক্ষেপণাস্ত্র এসে পড়ে হীরম্ব কর্মকারের জাহাজে। আর সেই হামলায় মৃত্যু হয় তার।

আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, সাইপ্রাসের পতাকাবাহী ‘জিএফএক্স গ্যালাক্সি’ বাণিজ্যিক জাহাজে মেরিন ইঞ্জিনিয়ারের পদে ছিলেন ভারতের মহারাষ্ট্র রাজ্যের পুণের ৩০ বছর বয়সী এই যুবক। বাণিজ্যিক জাহাজটিতে ছিলেন আরও ২৪ জন নাবিক। তাদের মধ্যে ১১ জন ভারতীয়।

গত রোববার জাহাজটিতে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হানে। ওমানের নৌবাহিনী ২৩ জন নাবিককে উদ্ধার করলেও একজন নিখোঁজ ছিলেন। সেই নিখোঁজ যুবকই পুণের হেরম্ব কর্মকার। বুধবার (১৫ জুলাই) তার পরিবার মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ডের দাবি, সাইপ্রাসের পতাকাবাহী ওই বাণিজ্যিক জাহাজটি হরমুজ পেরিয়ে গিয়েছিল। তারপরেও সেটিকে নিশানা বানায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। ওই হামলার তীব্র নিন্দা করেছে ভারত। তলব করেছে ভারতে থাকা দেশটির কূটনীতিককে। কড়া ভাষায় নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে নয়াদিল্লির পক্ষ থেকে।