কুমিল্লাশনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

হরমুজ ইস্যুতে জাতিসংঘে মার্কিন প্রস্তাবের বিরোধিতা, ভেটোর ইঙ্গিত চীনের

প্রতিবেদক
Cumilla Press
মে ১৬, ২০২৬ ১১:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

হরমুজ প্রণালীকে কেন্দ্র করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উত্থাপিত যুক্তরাষ্ট্র ও বাহরাইন-সমর্থিত একটি প্রস্তাবের তীব্র সমালোচনা করেছে চীন। প্রস্তাবটি বর্তমান পরিস্থিতিতে উপযুক্ত নয় উল্লেখ করে বেইজিং এর বিরোধিতা করেছে এবং প্রয়োজনে ভেটো দেওয়ার ইঙ্গিতও দিয়েছে।

খসড়া প্রস্তাবে ইরানকে হরমুজ প্রণালীতে হামলা ও মাইন স্থাপন বন্ধের আহ্বান জানানো হয়েছে। তবে কূটনৈতিক মহলের ধারণা, এটি চীন ও রাশিয়ার ভেটোর মুখে পড়তে পারে।

জাতিসংঘে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ফু কং বলেন, প্রস্তাবটির বিষয়বস্তু ও সময়—দুটিই প্রশ্নবিদ্ধ। তার মতে, এমন প্রস্তাব গ্রহণ পরিস্থিতি সহজ করার বদলে আরও জটিল করে তুলতে পারে। তিনি সংশ্লিষ্ট পক্ষগুলোকে সংলাপের মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের পথে এগোনোর আহ্বান জানান।

এদিকে, হরমুজ প্রণালী ও ইরান ইস্যুতে চীনের অবস্থান অপরিবর্তিত রয়েছে বলে আবারও জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। সাম্প্রতিক মার্কিন-চীন আলোচনার পর বেইজিংয়ের অবস্থান বদলেছে—এমন গুঞ্জন নাকচ করেছে তারা।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, যুক্তরাষ্ট্র ইরানের ওপর চাপ বাড়াতে চীনকে রাজি করানোর ধারণা তৈরি করতে চাইছে। তবে বেইজিং স্পষ্ট করেছে, তারা পারমাণবিক অস্ত্র বিস্তারের বিরোধী হলেও শান্তিপূর্ণ ব্যবহারের ক্ষেত্রে ইরানের অধিকারকে সমর্থন করে।

চীন আরও জানিয়েছে, হরমুজ প্রণালীকে সামরিক উত্তেজনা থেকে মুক্ত রেখে আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য উন্মুক্ত রাখা জরুরি। একইসঙ্গে এ জলপথের তীরবর্তী দেশ হিসেবে ইরানের সার্বভৌমত্বের প্রতিও তারা শ্রদ্ধাশীল।