হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত এবং দুইজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে উপজেলার জলসুখা ইউনিয়নের নির্মাণাধীন আজমিরীগঞ্জ-শাল্লা আঞ্চলিক মহাসড়কের জলসুখা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুতগতির তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একজন নিহত হন। গুরুতর আহত চারজনকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরও দুইজনকে মৃত ঘোষণা করেন। আহত বাকি দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতরা হলেন, অঅজমিরীগঞ্জ উপজেলার পাহাড়পুর গ্রামের চন্দন এর পুত্র অন্তর (২৫),বানিয়াচং উপজেলার আমিরখানী গ্রামের ফুল মিয়ার পুত্র তানভীর ও একই গ্রামের নুরুল লস্করের পুত্র আবিদুল লস্কর (৩২)। আহতরা হলেন, চুনারুঘাট উপজেলার শেখেরগাও গ্রামের আব্দুস শহিদ এর পুত্র সাহিদুল ইসলাম বাচ্চু (৩৫) ও গোছাপাড়া গ্রামের আব্দুর জব্বারের পুত্র মিজান মিয়া (২৭)। তারা দুজনই বুরো বাংলাদেশে কর্মরত।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকবর হোসেন জানান, আজমিরীগঞ্জ-শাল্লা আঞ্চলিক মহাসড়কের জলসুখা ব্রিজ এলাকায় তিনটি মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। এবং হাসপাতালে নেয়ার পর দুজনের মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।












