পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবের মক্কা ও মদিনায় আরও তিন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর হজে এখন পর্যন্ত মোট ২১ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ১৫ জন পুরুষ ও ৬ জন নারী।
শুক্রবার (২২ মে) মক্কায় অবস্থিত বাংলাদেশ হজ অফিস এ তথ্য নিশ্চিত করেছে। সর্বশেষ মৃত্যুবরণকারীদের মধ্যে নোয়াখালীর বেগমগঞ্জের সুলতানা চৌধুরী (৭৯) মক্কায় ইন্তেকাল করেন। এছাড়া মদিনায় সিরাজগঞ্জের জাকির হোসেন (৬২) ও কুষ্টিয়ার কামাল হোসাইন (৬১) মারা যান। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের মৃত্যু স্বাভাবিক কারণে হয়েছে।
সরকারি হজ বুলেটিন অনুযায়ী, শুক্রবার সকাল পর্যন্ত মোট ৭৭ হাজার ৪৩২ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৪৬৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭২ হাজার ৯৬৮ জন। মোট ১৯৯টি ফ্লাইটে হাজিরা জেদ্দা, মক্কা ও মদিনায় পৌঁছান।
হজযাত্রীদের সেবায় সৌদি আরবে চিকিৎসা ও আইটি সহায়তা কার্যক্রম চালু রয়েছে। এখন পর্যন্ত মক্কা ও মদিনার চিকিৎসাকেন্দ্র থেকে ৪৩ হাজার ৪৪০টি প্রেসক্রিপশন প্রদান করা হয়েছে এবং আইটি হেল্পডেস্কের মাধ্যমে ২০ হাজারের বেশি সেবা দেওয়া হয়েছে।
আগামী ২৬ মে আরাফাতের ময়দানে অবস্থানের মধ্য দিয়ে হজের মূল আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হবে।












