টানা দুই দফা মূল্যবৃদ্ধির পর অবশেষে দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি স্বর্ণে ২ হাজার ২১৬ টাকা কমানো হয়েছে।
শুক্রবার (১৫ মে) সকালে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, নতুন দর অনুযায়ী ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা। এ মূল্য একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
বাজুসের ভাষ্য অনুযায়ী, স্থানীয় বাজারে বিশুদ্ধ স্বর্ণের দাম কমায় সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় এই সমন্বয় করা হয়েছে।
নতুন দরে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকায়।
এর আগে গত ৭ মে ভরিতে একই পরিমাণ বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা নির্ধারণ করা হয়েছিল।
চলতি বছরে এখন পর্যন্ত ৬৪ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে—এর মধ্যে ৩৬ বার বেড়েছে এবং ২৮ বার কমেছে।
অন্যদিকে, স্বর্ণের দাম কমলেও রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ৭৭৪ টাকায়।












