কুমিল্লাসোমবার, ২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

স্পেন বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ রাখার প্রতিশ্রুতি ইয়ামালের

প্রতিবেদক
Cumilla Press
জুলাই ১৯, ২০২৬ ৯:০৬ অপরাহ্ণ
Link Copied!

বিশ্বকাপের মঞ্চে প্রথমবার পা রাখতে যাচ্ছেন স্পেনের সেনসেশন লামিনে ইয়ামাল। আর অভিষেক বিশ্বকাপেই ‘লা রোহা’র অন্যতম বড় ভরসা ভাবা হচ্ছে বিশ্ব ফুটবলের এই বিস্ময়বালককে। আসর শুরুর আগমুহূর্তে ভক্তদের এক মজার প্রতিশ্রুতি দিয়েছেন ইয়ামাল।

বিশ্বকাপ জিততে পারলে তিন সপ্তাহ দাড়ি-গোঁফ না কাটার ঘোষণা দিয়েছেন ১৮ বছর বয়সী এই তারকা। শুধু তাই নয়, উদ্‌যাপনের অংশ হিসেবে ১০০টি হেডফোনও উপহার দেওয়ার কথা বলেছেন তিনি।

নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে ইয়ামাল বলেন, ‘আমি প্রতিশ্রুতি দিচ্ছি, বিশ্বকাপ জিততে পারলে তিন সপ্তাহ দাড়ি-গোঁফ রাখব। আর ১০০টি বিটস (হেডফোন) উপহার দেব।’ বার্সেলোনার এই উইঙ্গারের জন্য এটি হতে যাচ্ছে প্রথম বিশ্বকাপ। তবে আন্তর্জাতিক বড় টুর্নামেন্টের অভিজ্ঞতা তার একেবারে নতুন নয়। ২০২৪ ইউরো জয়ের স্মৃতিচারণ করতে গিয়ে ইয়ামাল বলেন, প্রথম ম্যাচের স্নায়ুচাপ সামলানোর শিক্ষা তাকে অনেক সাহায্য করেছে।

‘প্রথম ম্যাচ থেকে অনেক কিছু শিখেছি। বড় টুর্নামেন্টে শুরুতে নার্ভাস লাগাটাই স্বাভাবিক। তখন বুঝেছি, একটি ম্যাচ খারাপ গেলেও সব শেষ হয়ে যায় না। পুরো টুর্নামেন্ট অনেক দীর্ঘ। ধৈর্য ধরতে হয় এবং নিজের খেলাটা উপভোগ করতে হয়,’ বলেন তিনি।

ব্যালন ডি’অর নিয়েও কথা বলেছেন ইয়ামাল। গতবার পুরস্কারটি জিতেছিলেন ফরাসি তারকা উসমান দেম্বেলে। ইয়ামাল স্বীকার করেছেন, একসময় তার মনে হয়েছিল পুরস্কারটি হয়তো তিনিই পাবেন। তবে পরে বুঝতে পেরেছেন, দেম্বেলের জয়টাই তার জন্য ভালো হয়েছে। বলছিলেন, ‘আমি মনে করি, তখন ব্যালন ডি’অর জেতার সময় আমার হয়নি। আমি তখনো অনেক ছোট ছিলাম। হয়তো পুরস্কারটির প্রকৃত মূল্যই বুঝতে পারতাম না।’

দেম্বেলের প্রশংসা করে তিনি আরও বলেন, ‘তার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। তিনি আমাকে অনেক পরামর্শ দিয়েছেন এবং কঠিন সময়ে মানসিকভাবে সাহায্য করেছেন। আমার ব্যক্তিগত উন্নয়নে তার অবদান অনেক।’

বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে আজ (সোমবার) পেরুর মুখোমুখি হবে স্পেন। মূল লড়াইয়ে ‘গ্রুপ এইচ’-এ তাদের প্রতিপক্ষ উরুগুয়ে, সৌদি আরব ও কেপ ভার্দে।