কুমিল্লাবৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

স্ত্রীর সঙ্গে ঝগড়া এড়াতে পালাতে গিয়ে ২১ তলা থেকে পড়ে যুবকের মৃত্যু

প্রতিবেদক
Cumilla Press
অক্টোবর ১৪, ২০২৬ ১০:০৬ অপরাহ্ণ
Link Copied!

ভারতের উত্তর প্রদেশের গ্রেটার নয়ডায় স্ত্রীর সঙ্গে সম্ভাব্য তর্ক এড়াতে ফ্ল্যাটের বারান্দা দিয়ে নিচে নামার চেষ্টা করতে গিয়ে ২১ তলা থেকে পড়ে মারা গেছেন হার্ষিত লাভানিয়া (৩১) নামের এক যুবক। সম্প্রতি সেঞ্চুরিয়ান পার্ক ট্রপিক্যাল গার্ডেন সোসাইটির একটি আবাসিক ভবনে এ দুর্ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে বিয়ে করেছিলেন হার্ষিত। পারিবারিক বিরোধের কারণে গত ছয় মাস ধরে স্ত্রীর সঙ্গে আলাদা থাকছিলেন তিনি। এ সময় একটি ভাড়া ফ্ল্যাটে একাই বসবাস করছিলেন।

ঘটনার দিন হার্ষিতের স্ত্রী তাঁর ফ্ল্যাটের দরজায় গিয়ে ডাকাডাকি করেন। স্ত্রীর সঙ্গে আবারও তর্ক হতে পারে—এমন আশঙ্কায় তিনি দরজা খোলেননি বলে জানা গেছে। বাইরে থেকে কথা বলার চেষ্টা করেও সাড়া না পেয়ে স্ত্রী নিরাপত্তারক্ষীদের সহায়তা চান।

এদিকে দরজা না খুলে হার্ষিত বারান্দা দিয়ে নিচের তলায় যাওয়ার চেষ্টা করেন। কিন্তু নামার সময় পা পিছলে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে আবাসিক এলাকার বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, স্ত্রীর সঙ্গে দীর্ঘদিনের বিরোধের কারণে মানসিক চাপে ছিলেন হার্ষিত। তবে এ বিষয়ে পুলিশের তদন্তে এখনো বিস্তারিত তথ্য সামনে আসেনি।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি নিয়ে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। হার্ষিতের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি ঘটনার প্রকৃত কারণ জানতে আবাসিক ভবনের সিসিটিভি ফুটেজও পরীক্ষা করা হচ্ছে।

পুলিশের তদন্ত শেষ হলে দুর্ঘটনার পরিস্থিতি এবং এর পেছনের ঘটনাপ্রবাহ সম্পর্কে আরও তথ্য জানা যেতে পারে।