রতীয় বিমানবাহিনীর (আইএএফ) রুশ প্রযুক্তির এএন-৩২ পরিবহণ উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। আজ শনিবার (১৩ জুন) ভারতের আসাম রাজ্যের জোরহাট বিমান ঘাঁটিতে অবতরণের সময় এই দুর্ঘটনা ঘটে। খবর এএফপির।
ভারতীয় বিমানবাহিনীর পক্ষ থেকে বিবৃতিতে দুর্ঘটনার তথ্য নিশ্চিত করা হয়েছে।
এতে বলা হয়েছে, জোরহাট বিমান ঘাঁটিতে অবতরণের সময় উড়োজাহাজটি দুর্ঘটনার কবলে পড়ে। এ ঘটনায় হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানা যায়নি। উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার কারণ উদ্ঘাটনের জন্য একটি ‘কোর্ট অব ইনকোয়ারি’ বা তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বিভিন্ন সংবাদমাধ্যমের প্রচারিত ফুটেজে দুর্ঘটনাস্থল থেকে কুন্ডলী পাকিয়ে কালো ধোঁয়া উড়তে দেখা গেছে। উড়োজাহাজটিকে বিধ্বস্ত ও ছিন্নভিন্ন অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে।
স্থানীয় প্রতিরক্ষা মুখপাত্রের তথ্য অনুযায়ী, উড়োজাহাজটি জোরহাটের রাউরিয়া এলাকায় অবস্থিত বিমানবাহিনীর ঘাঁটিতে অবতরণের সময় এই দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে ঊর্ধ্বতন বিমানবাহিনীর কর্মকর্তারা দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছেছেন। বর্তমানে সেখানে উদ্ধারকাজ ও তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।












