কুমিল্লাবুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সিএনজি স্টেশনে গ্যাস সংকট, পরিবহন শ্রমিকদের বিক্ষোভে মহাসড়কে যানজট

প্রতিবেদক
Cumilla Press
আগস্ট ১২, ২০২৬ ৪:৪৮ অপরাহ্ণ
Link Copied!

নরসিংদীর শিবপুরে সিএনজি স্টেশনগুলোতে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। দীর্ঘ সময় অপেক্ষা করেও গ্যাস না পেয়ে পরিবহন চালক ও শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন যাত্রীরা

বুধবার (১২ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার কারারচর বিসিক শিল্পনগরী এলাকায় এপেক্স সিএনজি স্টেশনের সামনে এ অবরোধ শুরু করেন চালক ও শ্রমিকরা। এ সময় তারা সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, শিবপুর উপজেলার পাঠান, ভূঞা ও সামিয়া সিএনজি স্টেশন গ্যাস সংকটের কারণে বন্ধ রয়েছে। কারারচর এলাকায় শুধু এপেক্স সিএনজি স্টেশনটি খোলা থাকায় সেখানে গ্যাসের জন্য যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। দীর্ঘ সময় অপেক্ষা করেও গ্যাস না পেয়ে চালক ও শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তারা মহাসড়ক অবরোধ করেন।

অবরোধের কারণে প্রায় তিন ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। এতে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হলে চরম দুর্ভোগে পড়েন যাত্রী ও পরিবহনসংশ্লিষ্টরা।

একাধিক সিএনজি চালক জানান, মঙ্গলবার রাত ১১টা থেকেই গ্যাস নেওয়ার জন্য বিভিন্ন স্টেশনে এসে লাইনে দাঁড়িয়ে ছিলেন তারা। বুধবার সকাল ৯টা পর্যন্ত অপেক্ষা করেও গ্যাস পাননি। পরে ক্ষুব্ধ হয়ে তারা মহাসড়ক অবরোধ করেন।

খবর পেয়ে শিবপুর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিবহন শ্রমিক ও সিএনজি স্টেশন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে। পরে উপজেলা ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের আশ্বাসে বেলা ১১টার দিকে চালক ও শ্রমিকরা অবরোধ তুলে নেন। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কোহিনুর মিয়া বলেন, ‘কারারচর এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছিল। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সড়কের উভয় পাশে যান চলাচলের ব্যবস্থা করে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।’

তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত উপজেলার সিএনজি স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়নি। বিভিন্ন স্টেশনে বাস, সিএনজি ও অন্যান্য যানবাহন গ্যাসের জন্য অপেক্ষা করছে। কখন গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে, তা নিশ্চিত করে বলতে পারছেন না সংশ্লিষ্টরা।