কুমিল্লাসোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সার ডিলার নিয়োগ ও নীতিমালা বহাল না বাতিল : কোন পথে হাটছে সরকার

প্রতিবেদক
Cumilla Press
মে ১৮, ২০২৬ ৩:৩৯ অপরাহ্ণ
Link Copied!

কৃষকদের কাছে সময়মতো সার ও বীজ পৌঁছানো নিশ্চিত করতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী আমিনুর রশিদ। সংসদে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নতুন নীতিমালার মাধ্যমে সার বিতরণ ব্যবস্থাকে আরও কার্যকর ও স্বচ্ছ করা হচ্ছে, যাতে মৌসুমের শুরুতেই কৃষকরা কোনো হয়রানির শিকার না হন।

সরকারের প্রণীত ‘সার ডিলার ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৫’ ইতোমধ্যে কার্যকর হয়েছে। এর আওতায় ইউনিয়ন থেকে ওয়ার্ড পর্যায় পর্যন্ত খুচরা বিক্রয় কেন্দ্রের মাধ্যমে সার সহজে পৌঁছানোর ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি সার উত্তোলন থেকে বিতরণ পর্যন্ত পুরো প্রক্রিয়া কঠোর নজরদারিতে রাখা হয়েছে বলে জানান মন্ত্রী।

তবে নতুন নীতিমালা বাতিলের দাবিতে খুচরা সার বিক্রেতাদের আন্দোলন পরিস্থিতিকে জটিল করে তুলেছে। তাদের অভিযোগ, এই নীতিমালা বাস্তবায়িত হলে প্রায় ৪৬ হাজার ক্ষুদ্র বিক্রেতা কর্মহীন হয়ে পড়বেন। এ দাবিতে তারা ইতোমধ্যে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন এবং দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন।

উদ্ভূত পরিস্থিতিতে সরকার বিষয়টি পর্যালোচনার জন্য একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে। কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, সকল অংশীজনের স্বার্থ বিবেচনায় একটি সমন্বিত সমাধান খোঁজা হচ্ছে।

এদিকে কৃষি সচিব জানিয়েছেন, নতুন সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত বিদ্যমান ব্যবস্থায় সার সরবরাহ অব্যাহত থাকবে এবং প্রয়োজনে সময়সীমা আরও বাড়ানো হবে। সংশ্লিষ্ট মহলের মতে, আসন্ন আমন মৌসুম সামনে রেখে সার সরবরাহ ব্যবস্থা নির্বিঘ্ন রাখা এখন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ।