কুমিল্লাবৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সাতসকালে যুক্তরাষ্ট্রের হামলা, ৭ ইরানি সেনা নিহত

প্রতিবেদক
Cumilla Press
জুলাই ১৫, ২০২৬ ৫:২৫ অপরাহ্ণ
Link Copied!

নতুন করে মার্কিন হামলায় ৭ ইরানি সেনা নিহত হয়েছেন।

কিছুদিন স্থিতিশীলতার পর ইরানে নতুন করে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে বুধবার (১৫ জুলাই) ভোরে দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি সেনা ব্যারাকে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৭ ইরানি সেনা নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবি জানায়, সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের বামপুর শহরে ইরানি স্থলবাহিনীর একটি ব্যারাকের আবাসিক এলাকা ও সেনা সদস্যদের অবস্থানে ১৩টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে যুক্তরাষ্ট্র। ইরানি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, হামলায় ৩৮৮তম ব্রিগেডের সাত সদস্য নিহত হয়েছেন। আহত কয়েকজনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। বিবৃতিতে এই হামলাকে ‘মার্কিন আগ্রাসন’ উল্লেখ করে প্রতিশোধ হিসেবে ‘কঠোর ও চূড়ান্ত জবাব’ দেয়ার অঙ্গীকার করা হয়েছে।

ইরানের দাবি, বর্তমান সংঘাত শুরুর পর এই প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র সরাসরি দেশটির সেনাবাহিনীকে লক্ষ্য করে হামলা চালাল। এর আগে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যৌথ যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় ইরানের সেনাবাহিনী বা বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) স্থাপনাগুলো সরাসরি লক্ষ্যবস্তু করা হয়নি।

এদিকে ইরান সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে জানান, দক্ষিণাঞ্চলে সাম্প্রতিক হামলাগুলোতে ৩০ জনের বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছেন। তবে হামলাগুলো ঠিক কোথায় হয়েছে এবং নিহতদের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য তিনি প্রকাশ করেননি।

এদিকে ফার্স নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, বুধবার সকালে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বুশেহর শহরের তিনটি স্থানে পৃথক হামলা চালায় যুক্তরাষ্ট্র। তবে ওই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন প্রদেশটির গভর্নর।

হামলা আরও জোরদারের হুঁশিয়ারি ট্রাম্পের
এর আগে মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, ইরানের বিরুদ্ধে হামলা আগামী কয়েক দিনে আরও তীব্র করা হবে। তিনি সতর্ক করে বলেন, তেহরান আলোচনার টেবিলে ফিরে না এলে আগামী সপ্তাহ থেকে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুগুলো লক্ষ্য করে হামলা শুরু করবে যুক্তরাষ্ট্র।