সাতক্ষীরার তালা উপজেলার বাসচাপায় এক পরিচ্ছন্নতাকর্মীর প্রাণ গেছে।
রোববার সকাল ১০টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটা থানাধীন আজিজ কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে পাটকেলঘাটা থানার ওসি শফিকুল ইসলাম জানান।
নিহত ৬৫ বছর বয়সী আব্দুল মজিদ গাজী সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের বিনেরপোতা গুচ্ছগ্রাম বসুন্ধরার আব্দুল আজিজের ছেলে।
লাবসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলিম বলেন, “আব্দুল মজিদ বাইসাইকেলে করে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির বাস তার বাইসাইকেলটিকে চাপা দেয়। এতে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।”
আব্দুল মজিদ বয়সের ভারে ন্যুব্জ হলেও পরিবারের জীবিকা নির্বাহের জন্য নিয়মিত পরিচ্ছন্নতাকর্মীর কাজ করতেন বলে জানান ইউপি চেয়ারম্যান।
ওসি শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনাস্থলটি হাইওয়ে পুলিশের এখতিয়ারভুক্ত হওয়ায় বিষয়টি সাতক্ষীরা সদর থানা ও খর্ণিয়া হাইওয়ে পুলিশকে জানানো হয়েছে। তারা পরবর্তী আইনগত ব্যবস্থা নেবে।
তিনি বলেন, “দুর্ঘটনার পরপরই বাসটি নিয়ে চালক দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ফলে বাস বা এর চালক কাউকেই আটক করা সম্ভব হয়নি। তবে বাসটি শনাক্ত ও চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
সাতক্ষীরার মানবাধিকারকর্মী লুইস রানা গাইন বলেন, “একজন নিঃস্ব ও মেহনতি মানুষের এভাবে সড়ক দুর্ঘটনায় অকাল মৃত্যুতে এলাকায় গভীর শোক ও ক্ষোভের ছায়া নেমে এসেছে।”
মহাসড়কে বেপরোয়া গতিতে গাড়ি চালানো বন্ধ এবং অবিলম্বে বাসচালককে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি।












