সাভার পৌর এলাকার রাজাশন এলাকায় মাদক সংক্রান্ত অনুসন্ধানী প্রতিবেদন সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন চার সাংবাদিক। শুক্রবার (২২ মে) বিকেলে শীর্ষ মাদককারবারি হিসেবে পরিচিত শামীম ও তার সহযোগীদের হামলায় তারা গুরুতর আহত হন।
আহতদের মধ্যে সময়ের কণ্ঠস্বরের স্টাফ করেসপন্ডেন্ট সাদ্দাম হোসেন এবং দেশ টিভির সিনিয়র রিপোর্টার তাইফুর রহমান তুহিনসহ তাদের ক্যামেরা পারসন রয়েছেন। আহতদের প্রথমে সাভারে চিকিৎসা দেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
সাংবাদিকদের অভিযোগ, এলাকায় মাদক ব্যবসার তথ্য সংগ্রহ শেষে ফেরার পথে হঠাৎ করে একদল ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। হামলায় তাদের গাড়ি ভাঙচুর করা হয় এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর জখম করা হয়। এ সময় তাদের ব্যবহৃত সরঞ্জামও ছিনিয়ে নেওয়া হয় বলে জানান ভুক্তভোগীরা।
তারা আরও জানান, হামলাকারীরা তাদের একটি গ্যারেজে নিয়ে গিয়ে পুনরায় নির্যাতন করে। পূর্বে মাদকবিরোধী প্রতিবেদন প্রকাশের জেরে এ হামলা চালানো হয়েছে বলেও অভিযোগ করেন আহত সাংবাদিকরা।
পুলিশ জানায়, ঘটনার পর অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়েছে। তবে প্রধান অভিযুক্ত শামীম পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনার পরপরই পুলিশ সাংবাদিকদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।












