দেশের বিভিন্ন অঞ্চলে বুধবার সন্ধ্যার মধ্যে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টিসহ ঝড়ো আবহাওয়ার আশঙ্কা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।
সকাল ৯টায় জারি করা অভ্যন্তরীণ নদীবন্দর সতর্কবার্তায় বলা হয়, রংপুর, দিনাজপুর, বগুড়া, ময়মনসিংহ, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে থাকতে পারে বৃষ্টি ও বজ্রপাত।
এছাড়া আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, সন্ধ্যা পর্যন্ত ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক এলাকায় এবং দেশের অন্যান্য বিভাগের কিছু স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণও হতে পারে।












