কুমিল্লাবৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৮০ কিমি বেগে কালবৈশাখী ঝড়ের শঙ্কা

প্রতিবেদক
Cumilla Press
মে ২৩, ২০২৬ ১:২৬ অপরাহ্ণ
Link Copied!

দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকলেও ময়মনসিংহ ও সিলেট বিভাগে তীব্র কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (২৩ মে) সন্ধ্যার মধ্যে এসব এলাকায় ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানান, পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া দেশের অন্যান্য অঞ্চলেও ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার আশঙ্কা থাকায় সেসব নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে।

আবহাওয়ার পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক এলাকায় মাঝারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, বান্দরবান, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা ও পটুয়াখালীসহ ১৪টি জেলায় এখনও মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে বৃষ্টিপাতের কারণে তাপমাত্রা কিছুটা কমে স্বস্তি ফিরতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।