কুমিল্লারবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সন্ধ্যার মধ্যে কুমিল্লা-নোয়াখালীসহ ৭ অঞ্চলে কালবৈশাখী ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

প্রতিবেদক
Cumilla Press
মে ১৭, ২০২৬ ৩:২৯ অপরাহ্ণ
Link Copied!

দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড় ও বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদফতর। রোববার (১৭ মে) সন্ধ্যা ৬টার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

সকালে প্রকাশিত অভ্যন্তরীণ নদীবন্দর পূর্বাভাসে বলা হয়, রংপুর, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অফিস জানায়, বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপ এবং এর বর্ধিতাংশের প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় অস্থায়ীভাবে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং অন্যান্য বিভাগের কিছু এলাকায় এই পরিস্থিতি বিরাজ করতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণেরও আশঙ্কা রয়েছে।

এদিকে বৃষ্টির সম্ভাবনা থাকলেও দেশের কিছু অঞ্চলে তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। মাদারীপুর, লক্ষ্মীপুর, রাজশাহী, পাবনাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ আরও কয়েকদিন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।