কুমিল্লাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সড়ক দুর্ঘটনায় মারা গেলেন অভিনেত্রী কাইলি

প্রতিবেদক
Cumilla Press
জুলাই ২২, ২০২৬ ১:২৪ অপরাহ্ণ
Link Copied!

মারা গেলেন ‘গডজিলা ভার্সাস কং’ সিনেমার অন্যতম অভিনয়শিল্পী কাইলি হটলে। মঙ্গলবার (২১ জুলাই) ভোরে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের ফ্রেডরিকে এক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে মাত্র ১৮ বছর বয়স হয়েছিল এ অভিনেত্রীর।

সংবাদমাধ্যম প্রতিবেদন অনুযায়ী, কাইলির বাবা জোশুয়া সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে মেয়ের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তাদের পরিবার বধির হওয়ার কারণে ভিডিও স্ট্রিমিংটি আমেরিকান সাইন ল্যাঙ্গুয়েজ বা ইশারা ভাষায় ছিল। শিরোনাম ছিল―আমি এমন একটি ফ্লাইটে যাচ্ছি, যা আমি কখনো চাইনি।

কাইলি পড়ালেখা করতেন টেক্সাস স্কুল ফর দ্য ডেফ-এ। সেখান থেকে তার মৃত্যুর খবর জানানো হয়। তাদের বার্তায় বলা হয়, এই কঠিন সময়ে কাইলির পরিবার, বন্ধু-বান্ধব, সহপাঠী এবং যারা তাকে চেনেন ও ভালোবাসেন, তাদের প্রতি গভীর সমবেদনা।

এক সাক্ষাৎকারে এ অভিনয়শিল্পী বলেছিলেন, ‘আমি একজন বধির মানুষ হয়েও দানবদের চলচ্চিত্রে অভিনয় করছি। আমি চাই, বধির মানুষরা জানুক যে, তারাও আমার মতো এসব করতে পারে। কোনো কিছুই আমাদের আটকে রাখতে পারে না।’

২০২১ সালের জনপ্রিয় অ্যাডভেঞ্চার সিনেমা ‘গডজিলা ভার্সাস কং’-এ জিয়া চরিত্রে অভিনয় করে পরিচিতি লাভ করেন কাইলি। চরিত্রটি একজন বধির এতিম মেয়ের ছিল, যিনি কিং কংয়ের সঙ্গে একটি বিশেষ ভালোবাসার বন্ধন তৈরি করেছিলেন। এতে তার সঙ্গে অভিনয় করেছিলেন রেবেকা হল, তিনি কাইলির পালক মায়ের চরিত্রে ছিলেন।

পরবর্তীতে ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত সিক্যুয়েল ‘গডজিলা এক্স কং: দ্য নিউ এম্পায়ার’-এও অভিনয় করেছিলেন কাইলি। চরিত্রটির জন্য স্যাটার্ন অ্যাওয়ার্ডসে সেরা তরুণ অভিনয়শিল্পী ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছিলেন তিনি।