কুমিল্লাশুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাউলশিল্পী ভৈরবীর 

প্রতিবেদক
Cumilla Press
আগস্ট ৭, ২০২৬ ৫:৫৩ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের ওসমানীনগর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে দুটি বাসের সংঘর্ষে অন্তত ৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে কিশোরগঞ্জের জনপ্রিয় বাউলশিল্পী পেহেলী ভৈরবী রয়েছেন। শুক্রবার (৭ আগস্ট) সকাল সাতটার দিকে ওসমানীনগর উপজেলার কাশিকাপন এলাকায় এই ঘটনা ঘটে।

হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত ৯ জনের মধ্যে চারজনের পরিচয় নিশ্চিত করা হয়েছে। তারা হলেন সিলেট নগরের সোবহানীঘাট এলাকার উত্তম রায়ের ছেলে সপ্তম রায় প্রীতম (২২), ঢাকার বিক্রমপুরের জাহাঙ্গীর শেখের মেয়ে খোজাইফা (৪), কিশোরগঞ্জের কুলিয়ারচরের ঠিকাদার সাইফুল ইসলাম এবং কিশোরগঞ্জের ভৈরব উপজেলার বাউলশিল্পী পেহেলী ভৈরবী। তারা সবাই ইউনিক পরিবহনের যাত্রী ছিলেন।

পরিবার ও স্বজনদের সূত্রে জানা গেছে, পেহেলী ভৈরবী সিলেটে একটি বাউল গানের অনুষ্ঠান শেষে বাড়ি ফিরছিলেন।

এ বিষয়ে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, সকাল সাড়ে সাতটার দিকে দয়ামীর বাজারসংলগ্ন কাশিকাপন এলাকায় ইউনিক পরিবহন ও বেঙ্গল পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইউনিক পরিবহনের বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনায় দুই বাসের ৯ জন নিহত হন। এছাড়াও বেশ কয়েকজন যাত্রী আহত হন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।