কুমিল্লাশনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শেখ হাসিনাকে ফেরানোর ‘শপথ’ নিতে গিয়ে ধানমন্ডিতে আটক ২৬

প্রতিবেদক
Cumilla Press
মে ২২, ২০২৬ ৮:৫৬ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর ও আশেপাশের এলাকায় জড়ো হওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর ২৬ জনকে আটক করা হয়েছে। এদিকে পুলিশের দাবি, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ‘শপথ নেওয়ার পরিকল্পনা’ ছিল তাদের।

শুক্রবার জুমার নামাজের পর তাদেরকে আটক করা হয় বলে জানিয়েছেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সাইফুল ইসলাম।

তিনি বলেন, তারা ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় জড়ো হয়ে ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। আটক ব্যক্তিদের মধ্যে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের জেলা-উপজেলা পর্যায়ের কয়েকজন নেতা রয়েছেন। তাদের বিষয়ে বিস্তারিত তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। দলটির তৎপরতা ঠেকাতে ধানমন্ডি এলাকায় টহল ও নিরাপত্তা জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, সম্প্রতি হিন্দুস্তান টাইমসকে ইমেইলে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের দেশে ফেরার প্রসঙ্গে কথা বলেছেন ভারতে অবস্থানরত শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘শিগগিরই ফিরবেন’ তিনি।

এরই প্রেক্ষিতে আজ রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর ও আশেপাশের এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা জড়ো হয় বলে দাবি করে পুলিশ।