আগামী এক দশকের মধ্যে বাংলাদেশকে বিশ্বের শীর্ষ ১০টি ডিজিটাল অর্থনীতির দেশের তালিকায় অন্তর্ভুক্ত করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদ।
রোববার (১৭ মে) বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, লক্ষ্য অর্জন কঠিন হলেও তা বাস্তবসম্মত এবং সরকার এ লক্ষ্যে পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে।
তিনি জানান, দেশে ৫জি সেবা চালুর জন্য আগামী পাঁচ বছরের মধ্যে শক্তিশালী ফাইবার অপটিক নেটওয়ার্ক গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি টেলিযোগাযোগ খাতে করহার কমানোর বিষয়েও কাজ চলছে।
ডিজিটাল অর্থনীতিকে আরও গতিশীল করতে আগামী দুই বছরের মধ্যে দেশের প্রতিটি নাগরিকের জন্য ডিজিটাল আইডি ও ডিজিটাল ওয়ালেট চালুর পরিকল্পনার কথাও জানান তিনি।












