কুমিল্লামঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

লাখাইয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ২০

প্রতিবেদক
Cumilla Press
জুন ২, ২০২৬ ৩:২০ অপরাহ্ণ
Link Copied!

হবিগঞ্জের লাখাই উপজেলায় শিশুদের লুডু খেলাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। 

মঙ্গলবার (২ জুন) উপজেলার মুড়িয়াউক গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মুড়িয়াউক গ্রামের বাবুল মিয়া ও আক্তার মিয়া ঢাকায় ফেরি করে মাছ বিক্রি করেন। সম্প্রতি তাদের দুই শিশুপুত্রের লুডু খেলা নিয়ে বিরোধের সূত্রপাত হয়।

পরে বিষয়টি দুই পরিবারের প্রাপ্তবয়স্ক সদস্যদের মধ্যে হাতাহাতি পর্যন্ত গড়ায়। ঈদের আগে তারা নিজ গ্রামে ফিরে এলে উত্তেজনা আরও বাড়ে।

গত সোমবার বিকেলে আক্তার মিয়ার পক্ষের লোকজন সংঘর্ষের প্রস্তুতি নিলে লাখাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানায়।
পরে মঙ্গলবার সকালে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে বোরো জমিতে মুখোমুখি অবস্থান নেয়।একপর্যায়ে ইটপাটকেল ও টেঁটা নিক্ষেপ শুরু হলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মুড়িয়াউক ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুজ্জামান মোল্লা জানান, স্থানীয় জনপ্রতিনিধিদের উদ্যোগে বিষয়টি প্রথমে সামাজিকভাবে মীমাংসা করা হয়েছিল। এরপরও সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ। এতে বাবুল পক্ষের ১২ জন এবং আক্তার পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছেন। আহতদের হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল ও লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান জানান, এ নিয়ে ফের যেন কোনো ঘটনা না ঘটে সেজন্য গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরএ